সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় শিব্বির আহমদ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (০৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিব্বির সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
জানা যায়, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১১-৮৪৮৯) শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় এলে জগন্নাথপুরগামী মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-৩৭৪০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শিব্বির মারা যান এবং সাদ্দামকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’