পূর্বাঞ্চল রেলের সব টিকিট নিমিষেই বিক্রি

আসন্ন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল সোমবার শুরু হতে না হতেই সব টিকিট শেষ হয়ে যায়। পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রিতেই এ প্রবণতা দেখা গেছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। এরপর চার ঘণ্টাতেই ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার বিক্রি হয়ে যায়। প্রথম আধঘণ্টায় সার্ভারে ১ কোটি ৯০ লাখ হিট হয়। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে পূর্বাঞ্চলের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম আধঘণ্টায় পূর্বাঞ্চলের টিকিট পেতে ১ কোটি ১ লাখ হিট হয়। তবে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম রুটের কিছু টিকিট অবিক্রীত রয়েছে। এ রুটে চলাচলকারী ননস্টপ সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেসের কিছু টিকিট অবিক্রীত রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। এদিন পূর্বাঞ্চলের টিকিটেরও চাহিদা ছিল।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ বিক্রি হবে ১৪ জুনের আগাম টিকিট।