সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী ড. রফিকুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোরে রাজধানীর উত্তরার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে আধাবেলা বিচারকাজ বন্ধ থাকে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুর রহমানের মৃত্যুতে আপিল বিভাগে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্টে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ চলবে। এরপর বিচারকাজ বন্ধ থাকবে। ১৯৫৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া রফিকুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৯১-৯২ মেয়াদে দুইবার সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন।