চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. আজিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩ জুন) রাত ১০টার দিকে চৌমুহনী কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আজিম আগ্রাবাদ চৌমুহনী এলাকার ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করতেন আজিম।
এদিকে আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, নয়ন, সোহেল, রনি ও মামুন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছর বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী।
ওসি জানান, যে চারজন আটক হয়েছেন তাদের কেউ রাজমিস্ত্রী, কেউ সিএনজি অটোরিকশাচালক। আজিমের সঙ্গে পূর্বে তাদের হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর জের ধরে গতকাল রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজিম হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করছে পুলিশ। এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।