এমবাপ্পেকে কেনার কথা রিয়ালকে ৭ বছর আগেই বলেছিলেন ম্যারাডোনা

সব জল্পনার অবসান ঘটিয়ে কিলিয়ান এবাপ্পেকে দলে নেওয়ার ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছে সোমবার। পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাবটিতে। এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার কথা বিবৃতিতে ক্লাবটি জানানোর পর থেকে এ নিয়ে উঠে আসছে নানা আলোচনা, গল্প।

এমবাপ্পেকে দলে নিতে নাকি রিয়াল মাদ্রিদকে ৭ বছর আগেই পরামর্শ দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলা ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় খেলতেন একটা সময়। তবে সেই কিনা পরামর্শ দিয়েছিলেন রিয়ালকে এমবাপ্পেকে কিনতে।

স্প্যানিশ সাংবাদিক মার্কো রুইজকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা নিজেই জানিয়েছিলেন ব্যাপারটা। এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর মার্কো ও ম্যারাডোনার কথোপোকথনের সেই ভিডিও আবারও এসেছে আলোচনায়।

সেখানে ম্যারাডোনা বলেন, 'এমবাপ্পে অনেকের চেয়েই ভালো খেলোয়াড় হতে যাচ্ছে। আমি ফ্লোরেন্তিনোকে বলেছিলাম, ওকে কিনুন।' কিন্তু তখন রিয়ালে রোনালদো আর গ্যারেথ বেলের মতো তারকার ছড়াছড়ি তাই এমবাপ্পের দিকে তখন নজর দেননি রিয়াল প্রেসিডেন্ট পেরেজ। ম্যারাডোনা আরও বলছিলেন, 'পেরেজ আমাকে বলল, ওর কাছে ক্রিশ্চিয়ানো (রোনালদো) আরও আরেকজন আছে। আমি এরপর ওকে বললাম, আমার কথা শোনো। তোমার উচিত বেলকে বিক্রি করে দেওয়া। কিন্তু ফ্লোরেন্তিনো সেটা করতে রাজি ছিল না।'

রোমানোর মতে রিয়ালে এমবাপ্পের জার্সি হতে পারে ৯ নম্বর।

এদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে এমবাপ্পে পরবেন ৯ নম্বর জার্সি। পিএসজিতে থাকতে তিনি পরতেন ৭ নম্বর জার্সি। রিয়ালে বর্তমানে ৭ নম্বর জার্সি পরেন ভিনিসিউস জুনিয়র।

রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে কেমন বেতন পাবেন, তা নিয়ে এরই মধ্যে খবর প্রকাশিত শুরু হয়েছে। সাইনিং বোনাস হিসেবে এমবাপ্পে পেয়েছৈন ১৫০ মিলিয়ন ইউরো। যা আগামী ৫ বছরে কিস্তিতে পরিশোধ করবে রিয়াল।

বেশ কিছু গণমাধ্যমে খবর, বেতন হিসেবে ট্যাক্স ছাড়া ১ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ২০০ কোটি টাকা।