‘পঞ্চায়েত’র আরো দুই সিজন আসবে

‘পঞ্চায়েত থ্রি’র জয়জয়কার উপমহাদেশজুড়ে! ‘পঞ্চায়েত’র প্রথম দুই সিজনের সাফল্যের পর থেকেই দর্শক দিন গুনছিল এর তৃতীয় সিজনের জন্য। সেই অপেক্ষা ফুরিয়ে গত ২৮ মে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হয়েছে ‘পঞ্চায়েত’র নতুন সিজন। 

এবার জানা গেল, তৃতীয় সিজনের সাফল্যের পর আরো দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’র পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র।

থ্রিলার-মসালাদার গল্পের ভিড়ে ছিমছাম এই গল্পের সিরিজ দর্শক-মনে আগেই জায়গা করে নিয়েছিল, যার ব্যতিক্রম হয়নি নতুন কিস্তির ক্ষেত্রেও। সেই জনপ্রিয়তার বিষয় মাথায় রেখেই পরবর্তী সিজনের ঘোষণা দিলেন ‘পঞ্চায়েত’র পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পঞ্চায়েত’র পরবর্তী সিজন নিয়ে পরিচালক দীপককে তার ভাবনা জানতে প্রশ্ন করেন সাংবাদিকরা। যার উত্তরে তিনি বলেন, ভাবনা কী! ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’ সিজন ৪ নয়, ৫ ও আসবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক। তিনি আরও বলেছেন যে, তাদের কাছে সিজন ৫ এর জন্য বিস্তৃত ধারণা রয়েছে। 

সেই সিজন ১ থেকেই দর্শকদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ‘পঞ্চায়েত’। সরল, সাধাসিধে কাহিনি। আর তার ভিতর দিয়ে ঠিকরে পড়া কৌতুক। এই রসায়নেই বাজিমাত। বলা যায়, ওয়েব সিরিজ ঘরানায় একেবারে ফুরুফুরে বাতাস বইয়ে দিয়েছিল ‘পঞ্চায়েত’। টানা লম্বা সিরিজ মানেই যে খুন-জখম বা খুব ডার্ক হতে হবে, এমন তো কোন মানে নেই। ‘পঞ্চায়েত’ যেন তারই উত্তম উদাহরণ।

‘পঞ্চায়েত’র প্রথম সিজন এসেছিল ২০২০-র এপ্রিলে, দ্বিতীয় সিজন ২০২২-এর মে মাসে। তৃতীয় সিজন এল ২০২৪ এর মে মাসে। সেই হিসাবে ২০২৬ সালের মাঝামাঝিই আসতে পারে পঞ্চায়েতের সিজন-৪। ততদিন অপেক্ষা আর একটু ঘনিয়ে উঠুক। সাংসদ জি, বিধায়কের মোকাবিলা কীভাবে করবেন গ্রাম প্রধান, সচিব- সে উত্তর তখনই পাওয়া যাবে। –বলিউড লাইফ