বগুড়ার সারিয়াকান্দিতে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রেমিকসহ তিন আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার কুটিবাড়ি এলাকার মো. শিবলু ওরফে ফকির, একই উপজেলার রামনগর তরফদার বাড়ির মো. শান্ত মিয়া ওরফে নয়ন ওরফে সিয়াম ও আমতলী দক্ষিণপাড়ার মো. নাইম। যাবজ্জীবনপ্রাপ্ত মিনা বেগম সারিয়াকান্দির ফুলবাড়ী মধ্যপাড়ার আশিক মিয়ার স্ত্রী।
সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুর রাজ্জাক খান জানান, পরকীয়ার কারণে মিনা বেগমের সঙ্গে স্বামী আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে স্ত্রী মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে স্বামী আশিক মিয়াকে হত্যার পরিকল্পনা করে। সে মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নিয়ে ২০২০ সালের ২ অক্টোবর আশিক মিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাঙালী নদীতে ফেলে দেয়।