চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগি বিকল হওয়ার পর প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন ও আত্রাই স্টেশনের মাঝামাঝি বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তী দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নম্বর বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।