দুদকে যাচ্ছেন না বেনজীর আহমেদ

আগামীকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি আগামী ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেছেন। আজ বুধবার আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেন।

দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক পশ্নের জবাবে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আমি সঠিকভাবে জানি না। তবে শুনতে পেরেছি তিনি সময় চেয়ে আবেদন করেছেন। যদিও এটা অনুসন্ধান টিমের বিষয় নয়, এটা তাদের বিষয়। তারা ভালো জানবেন। কারণ এ বিষয়টি কমিশন পর্যন্ত আসে না।

দুদক কমিশনার বলেন, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।

প্রাপ্ত তথ্য মতে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য বেনজীর ও তার স্ত্রী-সন্তানকে নোটিশ দেওয়া হয়েছে। গত ২৮ মে পাঠানো নোটিশে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানকে আগামী ৯ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তারা হাজির না হলে কমিশনের অনুমোদন নিয়ে দ্রুত সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হবে।

দুদকের তথ্য মতে, চলতি বছরের ৩১ মার্চ বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন একটি প্রকাশিত হয়। পরবরর্তীতে আরও কয়েকটি গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়। এরপর কমিশন গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী এবং জয়নাল আবেদীন।