যৌতুকের তিন লাখ টাকা না দেওয়ায় মারধরের অভিযোগে আবু নাঈম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন তার স্ত্রী শিরিন আক্তার। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।
গতকাল মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের আদালতে এই আবেদনটি করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ বুধবার (৬ জুন)। আদালত বাদী শিরিন আক্তারের বক্তব্য গ্রহণ করে স্বামী আবু নাঈমকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
জানা গেছে, অভিযুক্ত আবু নাঈম নগরের পতেঙ্গা থানায় এএসআই হিসেবে কর্মরত। এই দম্পতি থাকেন নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় সরকারি বাসায়।
মামলার বাদী শিরিন অভিযোগ করেন, আবু নাঈমের সঙ্গে তার বিয়ে হয় ২০১১ সালের ২৭ মে। তাদের সংসারে ৬ বছরের একটি সন্তান আছে। কয়েক বছর আগে তার (শিরিন আক্তার) বাদীর অনুমতি না নিয়ে এক নারীকে বিয়ে করেন আবু নাঈম।
বাদী ও অভিযুক্ত দুজনেই সরকারি চাকুরিজীবী হওয়ায় এ ব্যাপারে কোনো মামলা করা হয়নি। অভিযোগ, চলতি বছরের ২৬ জানুয়ারি বাদীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন আবু নাঈম। দিতে না পারায় বাদীকে মারধর করেন অভিযুক্ত।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার হোসেন বলেন, যৌতুক দাবির অভিযোগে পুলিশের এএসআই আবু নাঈম বিরুদ্ধে স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার মামলার আবেদন করেছেন।