ভারতে ২০২৪ সালের লোকসভা ভোটে নতুন রাহুল গান্ধীর উত্থান দেখল সবাই। এর আগে বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিলেন কংগ্রেস নেতা রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। উপহাসের শিকার সেই রাহুলই বিজেপির আত্মবিশ্বাসে চিড় ধরালেন। আর তাই বুধবার (০৫ জুন) ভাইকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন একটি পোস্ট দিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা লেখেন, ‘যে কেউ যা কিছু বলুক না কেন তুমি নিজের জায়গায় স্থির ছিলে। সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি। মিথ্যার অপ্রতিরোধ্য প্রচার সত্ত্বেও সত্যের জন্য লড়াই থামাওনি। রাগ এবং ঘৃণাকে নিজের মধ্যে স্থান দাওনি। ভালোবাসা, সত্য এবং দয়ায় সকলের মন জয় করেছ। যারা তোমাকে দেখতে পারেনি, তারা এখন দেখছে। কেউ কেউ সবসময় লক্ষ্য রাখছে এবং জানে তুমি সাহসী। তোমার বোন হতে পেরে আমি গর্বিত।’
এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর যৌথ লড়াইয়ের ফলেই ৯৯টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ২০১৯ লোকসভা ভোটে যেখানে ৫২টি আসন পেয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দলটি। এতে চাঙ্গা হয়েছে কর্মীদের মনোভাব। এক্সিট পোলকে কলা দেখিয়ে কংগ্রেসের জোট ইন্ডিয়া জিতে নিয়েছে ২৩২টি আসন, যা বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
যদিও লোকসভা নির্বাচনে অনেকেই আশা করেছিলেন প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু তিনি তা করেননি। এ নিয়ে বেশ কয়েকটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, এটি তার সচেতন সিদ্ধান্ত। যদি তিনি এবং রাহুল উভয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তারা একটি নির্বাচনী এলাকায় প্রচারণার সাথে আবদ্ধ হবেন। তারা দুই ভাইবোনই একসঙ্গে প্রচারণায় আবদ্ধ হতে চাননি। তাই নিজেকে সবার মাঝে ছড়িয়ে দিতেই তিনি নিজেকে মুক্ত রাখেন।
আমিরাতে লাইসেন্স ছাড়া অনলাইনে কোরআন শিক্ষা নিষিদ্ধ
মেট্রোরেলে সমুচা খেয়ে সিটের নিচে উচ্ছিষ্ট ফেললেন নারী
সন্তানের মুখে দুধ দিতে পারছেন না গাজার মায়েরা