ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্র ঘুরে বেড়িয়েছেন ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান। তার গলায় লাগানো সাংবাদিক কার্ডে তাকে দৈনিক ডিজিটাল সময় পত্রিকার প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে।
ছাগলনাইয়া উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের গাড়িবহরের সঙ্গে তাকে কয়েকটি কেন্দ্রে দেখা গেছে।
সাংবাদিক না হয়েও সাংবাদিক কার্ড নিয়ে কেন্দ্রে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর সাইফুর রহমানকে নিজেকে প্রার্থী মিজানুর রহমানের আত্মীয় বলে পরিচয় দেন। গলায় সাংবাদিক কার্ড লাগানো থাকলেও তিনি তা অস্বীকার করেন।
ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন এক প্রার্থীর অনুরোধে তাকে কেন্দ্রে পর্যবেক্ষণের জন্য সাংবাদিক পরিচয়পত্র দিয়ে এ কার্ডের ব্যবস্থা করেছেন বলে জানান।
সাংবাদিক না হয়েও একজক কাউন্সিলরের সাংবাদিকের কার্ড ব্যবহার করার বিষয়ে দৈনিক ফেনী সময় সম্পাদক ও ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, এটা এক ধরনের প্রতারণা ও সাংবাদিক কার্ডের অপব্যবহার। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্ড প্রদানের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সাইফুল রহমান নামের ওই ব্যক্তিকে জেলা নির্বাচন অফিস থেকে কোনো সাংবাদিক কার্ড দেওয়া হয়নি। ওই কার্ডের সইয়ের সাথে আমার সইয়ের মিল নেই। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করতে পারেন না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।