গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের সামাজিক অনুষ্ঠান করতে পুলিশ বাধা দিয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরশহরের টেংরা মোড়ে এ আয়োজনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ সে অনুষ্ঠান বন্ধ করে দেয়। তবে পুলিশ বলছে অনুষ্ঠানস্থলে কোনো ঝামেলা হতে পারে, এমন শঙ্কায় কোনো ইনডোর ভেন্যুতে তাদের কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এটি সত্য নয়। এ অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতিও (নেয়নি) ছিল না।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি জানান, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের। পরে পুলিশ আজ (গতকাল) অনুষ্ঠান করতে নিষেধ করে। নিরুপায় হয়ে দুস্থদের জন্য রান্না করা খাবারগুলো স্থানীয় এতিমখানাতে দেওয়া হয়েছে। পরে সেখানেই ছোট পরিসরে দোয়ার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মতো একটি ভালো কাজও পুলিশ বাধায় বন্ধ করতে হলো। এটা প্রমাণ করে দেশে কোনো বাকস্বাধীনতা নেই। শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, অনুষ্ঠানস্থলে নানা কারণে বিশৃঙ্খলা হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কায় তাদের কোনো ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করতে বলা হয়েছে।