সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে অবশেষে বদলি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে অবশেষে বদলি করা হয়েছে। তার স্থলে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ছিল সুপ্লব কুমার ঘোষের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা জানান, গত ১২ মে বিকালে হঠাৎ করে বিমানবন্দরের রানওয়ের নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ উঠানামা বন্ধ হয়ে যায়। ফলে ওই দিন সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিমান বাংলাদেশ, নভো এয়ার, ইউএস বাংলা ও এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের একটি করে বিমান যাত্রী সেবা দিতে পারেনি। রাতের সকল ফ্লাইট বাতিল করা হয়।

পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলীর দল এসে পরের দিন বিকালে রানওয়ের লাইট সিস্টেম চালু করার পর বিমান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া গত ৩১ মে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়। সীমানা দেওয়াল পেরিয়ে রানওয়েতে ছোটাছুটি করে শিয়াল। এ কারণে ওইদিন সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

আকাশে ২৫ মিনিট কাটিয়ে শিয়ালকে তাড়ানোর পর সেটি অবতরণ করে। এরপর রানওয়ের নিরাপত্তারক্ষীদের নজরদারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিমানযাত্রীরা প্রশ্ন তোলে।

সৈয়দপুর বিমানবন্দরটি উত্তরাঞ্চলের ব্যস্ততম বিমানবন্দর। ঢাকা-সৈয়দপুর-ঢাকা ও সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে প্রতিদিন ১৮টি বিমান চলাচল করে থাকে। এদিকে বিমানবন্দরের খবর সংগ্রহ করত গেলে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন। এমনকি সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে তার অসৌজন্যমূলক আচরণের কথাটি বিভিন্ন সময় মন্ত্রীকে জানানো হয়। এরপর গত সোমবার (৩ জুন) বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্লব কুমার ঘোষকে বর্তমানে ব্যবস্থাপক পদ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। বদলির আদেশ অনুযায়ী বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।