সৈয়দপুরে ভেজাল সেমাই তৈরির ৩ কারখানাকে জরিমানা

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিনটি কারখানায় রং মিশিয়ে সেমাই তৈরি করার দায়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকার সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম। এতে র‍‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও সদস্যরা সহায়তা করেন।

জানা যায়, শহরের রসনি সেমাই কারখানা, তাজ ফুড পোডাক্টস সেমাই কারখানা ও নাজ ফুড পোডাক্টস কারখানায় দীর্ঘদিন ধরে রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছিল। এছাড়াও তারা সেমাই তৈরিতে অনুমোদনহীন রং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজা টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে ঘিরে কারখানাগুলোতে অনুমোদনহীন রং মিশিয়ে ফ্লেভার ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে তিন কারখানাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত