নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুমার নামাজ আদায় করতে এসে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আসলাম (৫৬) নামের এক মুসল্লি। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আসলাম শহরের নতুন বাবুপাড়া এলাকার সিঙ্গি পুকুর মহল্লার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায় করতে তিনি কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হন। মসজিদে তখন খতিবের বয়ান চলছিল। দুপর ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি মসজিদের ভেতরেই ঢলে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মনতাসিম বিল্লাহ বলেন, জুমার বয়ান চলাকালেই ঘটনাটি ঘটে। তবে আল্লাহর ঘরে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা নিঃসন্দেহে এক বিশেষ সৌভাগ্যের বিষয়।
