ঢাকার সাভারে নির্মাণাধীন ভবন থেকে বাউন্ডারি ওয়াল ধসে মোস্তাকিম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শ্রমিক ও জয়নব বিবি (৭০) নামে এক বৃদ্ধা।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে সাভার রাজাশন বেলজিয়াম মাঠের পাশে একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী নার্গিস বেগম জানান, রাজাশন বেলজিয়াম মাঠ সংলগ্ন একটি টিনসেড বাসায় ভাড়া থাকেন মোস্তাকিম তার মা মাকসুদা ও বাবা মো. সুমন। তাদের একমাত্র সন্তান মোস্তাকিম। দম্পতিটির বিয়ের ২২ বছর পর এই সন্তান হয় তাদের।
নার্গিস আরও জানান, মোস্তাকিমের মা মাকসুদা বেগম সাভারে ভিশন নামে পোশাক কারাখানায় আর বাবা সুমন খান নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করেন। সুমন নারায়ণগঞ্জে থাকেন। মা মাকসুদা প্রতিদিন কাজে যাওয়ার আগে বাচ্চাকে পাশের বাড়ির জয়নব বিবি (৭০) নামে এক বৃদ্ধা বাসায় রেখে যান। দুপুরে ওই বুদ্ধার বাসার ভিতরে খেলছিল শিশুটি। জয়নব বেগম পাশেই ছিলেন। হঠাৎ পাশের নির্মণাধীন ৫ম তলা ভবনের ওপর থেকে উটের গাথুনি ভেঙে তাদের টিনসেড ঘরের ওপর পড়ে। পাশাপাশি ৫ম তলা থেকে এক নির্মাণশ্রমিকও ঘরটির ওপরে পড়ে। এতে শিশুটি ও জয়নব বিবিসহ ওই শ্রমিক আহত হন। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে মৃত মোস্তাকিমের বাবা সুমন খান জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নহিরপাড় গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।