সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের জোড়পুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে রাখা বাসটি আগুনে কারণে ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল আলম জানান, বাসটা গত দুদিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল।
কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।