বিশ্বের সর্বোচ্চ উঁচু পর্বতচূড়া

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের নাম মাউন্ট এভারেস্ট। এটি মূলত হিমালয়ের পর্বতমালার একটি পর্বতচূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার। ১৮৬৫ সালে স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এ পর্বতের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। কর্নেল স্যার জর্জ এভারেস্ট ছিলেন বিখ্যাত জরিপকারক ও ভূগোলবেত্তা। তিনি ১৮৩০ থেকে ১৮৪৩ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন। ১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গজয় করেন। ১৯৭৮ সালের ৮ মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে অরোহণ করেন। ১৯৭৫ সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই। প্রথম প্রতিবন্ধী হিসেবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টের চূড়ায় ওঠেন। একটি কৃত্রিম পা নিয়েও তিনি এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে চমকে দেন। এ পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট চূড়া জয় করেছেন। এভারেস্ট জয়ের ক্রমানুসারে তারা হলেন মুসা ইব্রাহীম, এমএ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, খালেদ হোসেন ও বাবর আলী।