চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ও বরুমচড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীসহ অন্তত ১৫ জন। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও বন্দর পুলিশ ফাঁড়ির একাধিক টিম এলাকায় মোতায়েন করা হয়েছে।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়। অপরদিকে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে উপজেলার তৃণমূল আওয়ামী লীগ। এই গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।
দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় পৃথক পৃথক মিছিলসহ দলীয় নেতাকর্মীরা আসতে থাকেন। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।