চড় কাণ্ডকে ধর্ষণের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

চড় কাণ্ডে ফের সরব হলেন কঙ্গনা রানাউত। যারা এই চড় কাণ্ডকে সমর্থন করে চণ্ডীগড় বিমানবন্দরের নারী নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিই যেন রাগ উগরে দিলেন অভিনেত্রী। শনিবার সকালে এক্স হ্য়ান্ডেলে ফের কঠিন মেজাজে দেখা গেল কঙ্গনাকে। তার স্পষ্ট জবাব, ‘নারী নিরাপত্তাকর্মীকে সমর্থন করা মানে ধর্ষক, ক্রিমিনালদের সমর্থন করা।’

এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘প্রত্যেক ধর্ষক, খুনি, চোরদের অপরাধের নেপথ্যে একটা আবেগ, মনস্তত্ব, আর্থিক কারণ থাকে। কোনো অপরাধই বিনা কারণে ঘটে না। কিন্তু যদি আপনি এই ক্রিমিনালদের সমর্থন করেন,  ব্যক্তিগত পরিধিতে তাদের প্রবেশকে সমর্থন করেন, তাহলে কোথাও গিয়ে আপনিও ধর্ষণ, জালিয়াতিকে সমর্থন করছেন। মনের মধ্যে এত ক্ষোভ, হিংসাকে জমিয়ে রাখবেন না। মুক্ত করুন নিজেকে।’ 

অন্যদিকে, নারী নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের মা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার মেয়ে যা করেছে তা একেবারে সঠিক। কঙ্গনার সঙ্গে নাকি এমনটাই করা উচিত ছিল।