শিক্ষামন্ত্রী হতে চাচ্ছেন কঙ্গনা!

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

অভিনেত্রী থেকে সংসদ সদস্য হয়েছেন। এখন আবার শিক্ষামন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিনেত্রীর একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন জানিয়েছেন। 

তবে বিষয়টি নিয়ে শুরু হওয়া আলোচনার মধ্যেই জানা গেছে, ভাইরাল পোস্টটির কোনো সত্যতা নেই। সম্প্রতি নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। এরপরই কঙ্গনার নামে একটি কথিত পোস্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। 

মিড-ডের প্রতিবেদন অনুযায়ী ভাইরাল পোস্টে লেখা হয়, ‘নরেন্দ্র মোদীজির কাছে আমার অনুরোধ, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী করা হোক। শিক্ষার গুরুত্ব আমি বুঝি, কারণ আমিই প্রথম সকলকে জানিয়েছিলাম যে, ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে।’ 

পোস্টে আরো দাবি করা হয়, নিট পরীক্ষার্থীদের জন্য তাঁর একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়, যারা প্রেক্ষাগৃহে গিয়ে কঙ্গনার সিনেমা দেখবে, তারা পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবে। পাশাপাশি এতে তার একের পর এক ফ্লপ ছবির ধারাও নাকি থেমে যাবে— এমন দাবিও করা হয়। 

তবে ভাইরাল হওয়া পোস্টটি ভুয়া বলে জানা গেছে। কঙ্গনার কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। তার লেখার ধাঁচ অনুসরণ করে পোস্টটি তৈরি করা হলেও, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ভুয়া কনটেন্ট বলে চিহ্নিত হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কঙ্গনা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত