সরকারি চাকরিতে কোটা নীতির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সর্বত্রই কোটা বাতিলের ডাক। এবার সরকারি চাকরিতে শতভাগ মুক্তিযোদ্ধা কোটা রাখার জন্য একক মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার (৮ জুন) বেলা ১২টায় বুদ্ধিজীবী চত্বরে শতভাগ কোটার দাবীতে একক মানববন্ধন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম।
এ সময় চবির এই শিক্ষার্থীকে ‘শতভাগ মুক্তিযোদ্ধা কোটার দাবীতে মানববন্ধন’ লেখা ফেস্টুন হাতে অবস্থান নিতে দেখা যায়। তাছাড়া তিনি তিনটি দাবি নিয়ে এই একক মানববন্ধনে অংশ নিয়েছেন।
দাবিগুলো হলো—
১. শতভাগ মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন করতে হবে।
২. জন্মের পূর্বেই ভ্রূণের ক্ল্যাসিফিকেশনের মাধ্যমে পূর্ণ বর্ণবাদ প্রতিষ্ঠা করতে হবে।
৩. আমার সাথে চারজন মুক্তিযোদ্ধার নাতনিকে বিয়ের ব্যবস্থা করতে হবে।
জানতে চাইলে সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘আমি আজকে তিন দফা দাবী নিয়ে একক মানবন্ধনের নামে অবস্থান কর্মসূচীতে হাজির হয়েছি। শুধুমাত্র ২ দশমিক ৬৩ শতাংশ মানুষের জন্য ৫৩ শতাংশ কোটা বরাদ্দ করা হচ্ছে। আমি বরং চাকুরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রে ১০০% মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবী জানাবো।
তিনি বলেন, বাকিদের জন্য জন্মের পূর্বেই ভ্রূণের ক্ল্যাসিফিকেশনের মাধ্যমে পূর্ণ বর্ণবাদ প্রতিষ্ঠা করতে হবে। কোটাধারীরা হবে ব্রাহ্মণ। তারাই শুধু পড়াশোনা ও উচ্চপদে চাকুরির সুযোগ পাবে। কোটা সমর্থনকারীরা হবে ক্ষত্রীয় ও বৈশ্য। তারা ভার্সিটিতে মুড়িমাখা বিক্রির লাইসেন্স পাবে। অপরদিকে কোটা বিরোধীরা হবে শূদ্র।
স্রোতের বিপরীতে শতভাগ কোটার পক্ষে কেন দাঁড়াচ্ছেন এমন প্রশ্নের জবাবে সৈয়ব আহমেদ সিয়াম বলেন, আমার দাবী আপনাদের কাছে তামাশা মনে হলে রাষ্ট্র আমাদের সাথে আরো বড় তামাশা করতেছে। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কোনো অসম্মান নাই। হাইকোর্টের প্রতি সম্মান রেখেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ থাকবে।