‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ এর উদ্বোধন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে চালু করা হয়েছে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’।
 
বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় হাবটির উদ্বোধন করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি এই হাব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমগির, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
 
চাকসুর উদ্যোগে প্রতিষ্ঠিত এ লার্নিং হাবে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজে ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
 
চাকসু জানিয়েছে, হাবটিতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ও কফির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রেজেন্টেশন ও ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, 'চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নতুন সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা আরও শাণিত করার সুযোগ পাবে। এ উদ্যোগকে আরও কার্যকর ও টেকসই করতে চাকসুর সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে।'
 
চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, 'চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর নিজস্ব পার্সোনাল কম্পিউটার নেই, তাদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই হাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সফট স্কিল ও প্রযুক্তিভিত্তিক কোর্স চালু করা হবে।'
 
এসময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, 'চাকসুর এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া হয়েছে। আমরা চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাবকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে শিক্ষার্থীরা নিয়মিত এখান থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীরা এগিয়ে যাবে এটাই আমরা চাই।'
সর্বশেষ সর্বাধিক পঠিত