গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  স্থানীয়রা। বিগত তিন বছর ধরে ঠিকমত গ্যাস না পাওয়ায় সানারাপাড় এলাকার ক্ষুব্ধ গ্রাহকরা শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় মৌচাক ইউটার্ন সড়ক অবরোধ করেন।

আন্দোলনের নেতৃত্বে থাকা সানারপাড়ের বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম বলেন, আমাদের এলাকায় গত ৩ বছর ধরে গ্যাস পাচ্ছি না। বিষয়টি নিয়ে তিতাস গ্যাস অফিসে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

ওসমান গণি নামে একজন বলেন, গ্যাস না থাকায় আমাদের ঘরে চুলা জ্বলে না। প্রায়ই বন্ধ থাকে রান্নাবান্না। কখনো গভীর রাতে গ্যাস আসলেও ভোর হওয়ার আগেই চলে যায়।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন বলেন, গ্যাসের দাবিতে কিছু লোকজন মহাসড়কে উঠেছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাভিক হয়ে পড়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গ্যাস অফিসের লোকজনের সঙ্গে কথা বলি। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা তাদের কর্মসূচি শেষ করে।