ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: মিলবে ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট

ভোলার জেলা প্রশাসক ডা. শামিম রহমান বলেন, গ্যাসভিত্তিক উন্নয়ন ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি। শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে জমি বরাদ্দসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

একের পর এক প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলছে দ্বীপজেলা ভোলায়। এবার জেলার পশ্চিম ইলিশায় ‘ভোলা নর্থ-৩’ নামে আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। নতুন এই আবিষ্কার দেশের জ্বালানি খাতে সম্ভাবনা বাড়ালেও ভোলাবাসীর সামনে পুরোনো প্রশ্নটিই আবার সামনে এসেছে—গ্যাসের প্রাচুর্য থাকা সত্ত্বেও শিল্পায়নের সুফল পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এ কূপের ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটির উৎপাদন সক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা চলছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) এর পারফোরেশন কার্যক্রম সম্পন্ন হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে পরীক্ষা শেষে।

নতুন এই কূপ ভোলার জ্বালানি সম্ভাবনায় আরেকটি সংযোজন। তবে গ্যাস আবিষ্কারের ইতিহাস ভোলার জন্য নতুন নয়। ১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। দীর্ঘ ১৪ বছর পর ২০০৯ সালে ওই ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। একের পর এক গ্যাসক্ষেত্র ও কূপের সন্ধান মিললেও এসব সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার এবং গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পায়ন এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের মজুত রয়েছে। পেট্রোবাংলার হিসাব নিয়ে প্রকাশিত তথ্যেও এ অঞ্চলে বিপুল গ্যাসসম্পদের সম্ভাবনার কথা উঠে এসেছে। কিন্তু জ্বালানি সম্পদকে কেন্দ্র করে যে শিল্পাঞ্চল, কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখেছিলেন ভোলার মানুষ, তার বাস্তবায়ন এখনো সীমিত। গ্যাসের প্রাচুর্যের সঙ্গে শিল্পায়নের গতি না মেলায় স্থানীয়ভাবে তৈরি হয়েছে এক ধরনের বৈপরীত্য।

দীর্ঘদিন ধরে ভোলায় সার কারখানা, অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসভিত্তিক ভারী শিল্প স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন সময়ে এসব উদ্যোগ নিয়ে আলোচনা, পরিকল্পনা ও আশ্বাস এলেও দৃশ্যমান অগ্রগতি ছিল সীমিত। ফলে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি।

এ পরিস্থিতিতে ভোলায় শিল্পপার্ক স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। গত ২৯ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলায় শিল্পপার্ক স্থাপনের ঘোষণা দেন। পরে গত ৯ সেপ্টেম্বর সংসদে তিনি ভোলার গ্যাস ব্যবহার করে সার কারখানা ও ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান। ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় সাত বছর সময় লাগতে পারে উল্লেখ করে তিনি স্থানীয়ভাবে গ্যাস ব্যবহারের ওপর গুরুত্ব দেন। ফলে নতুন গ্যাসকূপের সন্ধান শিল্পায়নের সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো. সোলাইমানের মতে, শিল্প-কারখানা স্থাপনের অনুকূল পরিবেশ ভোলায় রয়েছে। অতীতেও অনেক উদ্যোক্তা এখানে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। গ্যাসসম্পদকে কাজে লাগাতে পরিকল্পিত শিল্পায়ন জরুরি।

স্থানীয় কলেজশিক্ষক মো. জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অঞ্চল ও কলকারখানা স্থাপনের আশ্বাস শুনছেন তারা। বিভিন্ন সময়ে কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন, উদ্যোক্তারাও আগ্রহ দেখিয়েছেন; কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। জমির দাম বৃদ্ধি ও স্থানীয় কিছু গোষ্ঠীর প্রতিবন্ধকতায় উদ্যোক্তাদের কেউ কেউ আগ্রহ হারিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষিত শিল্পপার্ক বাস্তবায়নে এসব প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তিনি।

ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন, ভোলার গ্যাস বরিশাল পর্যন্ত নিতে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। সেই অর্থের একটি অংশ ভোলাকেন্দ্রিক শিল্পায়নে বিনিয়োগ করা হলে স্থানীয় জনগণের পাশাপাশি জাতীয় অর্থনীতিও উপকৃত হবে। তার মতে, এখানে সার কারখানা, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, ইপিজেড, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপক সুযোগ রয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব ও প্রবীণ ব্যবসায়ী আমিনুল ইসলাম খান বলেন, প্রাকৃতিক সম্পদের তুলনায় উন্নয়নের বিভিন্ন সূচকে ভোলা পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ভোলার জেলা প্রশাসক ডা. শামিম রহমান বলেন, গ্যাসভিত্তিক উন্নয়ন ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি। শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে জমি বরাদ্দসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। ছোট ও ভারী—দুই ধরনের শিল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে।

নতুন গ্যাসকূপের সন্ধানে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা হোসাইন আল ফারুক, তুহিন ও মিরাজের প্রত্যাশা, ভোলার গ্যাস জাতীয় সম্পদ হিসেবে দেশের উন্নয়নে ব্যবহৃত হোক, একই সঙ্গে ভোলার দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলোও পূরণ করা হোক। তাদের মতে, ভোলার গ্যাসের সুফল পেতে হলে স্থানীয় অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও শিল্পায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

সব মিলিয়ে ভোলার সামনে এখন দুটি সম্ভাবনা-একদিকে নতুন গ্যাস আবিষ্কারের মাধ্যমে দেশের জ্বালানি খাতে অবদান বাড়ানো, অন্যদিকে সেই সম্পদকে কাজে লাগিয়ে পিছিয়ে থাকা জেলার অর্থনৈতিক চেহারা বদলে দেওয়া। শুধু নতুন কূপ খনন বা গ্যাসের মজুত বাড়লেই ভোলার মানুষের প্রত্যাশা পূরণ হবে না। প্রয়োজন পরিকল্পিত শিল্পাঞ্চল, বিনিয়োগবান্ধব পরিবেশ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং ঘোষিত প্রকল্পগুলোর সময়বদ্ধ বাস্তবায়ন। নতুন কূপের গ্যাস শেষ পর্যন্ত কোথায় এবং কীভাবে ব্যবহৃত হবে, তার ওপরই নির্ভর করছে ভোলার উন্নয়নের নতুন অধ্যায়ের অনেক কিছু।

 

 



সর্বশেষ সর্বাধিক পঠিত