প্রত্যেক মাকেই দ্বিতীয় সন্তান নেওয়ার আগে তার শারীরিক বিষয় খেয়াল রাখা জরুরি। সবচেয়ে জরুরি প্রথম সন্তান জন্মের কতদিন পর দ্বিতীয় সন্তান নেওয়া উচিত। প্রথম সন্তান জন্মের ৬ মাসের মধ্যে দ্বিতীয় সন্তান গর্ভে এলে যেসব সমস্যা হতে পারে তাহলো নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব ও ওজন কম হওয়া। আকারে ছোট ও অপুষ্টিতে ভোগা। ৭ থেকে ১৭ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তান জন্ম নিলে এসব সমস্যার আশঙ্কা কমে যায়।
চিকিৎসকদের মতে, প্রথম ও দ্বিতীয় সন্তান নেওয়ার মধ্যে অন্তত ১৮ মাসের ব্যবধান থাকলে প্রসূতি মা আগের অবস্থায় ফিরে আসতে যথেষ্ট সময় পান।
অধিকাংশ নারী কমবেশি রক্তশূন্যতা ও অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন। সেসব নারীদের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সন্তান নেওয়ার মধ্যে অন্তত ২ বছর বিরতি থাকা প্রয়োজন। প্রথম সন্তান জন্মের পরপরই দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করলে শরীরের প্রয়োজনীয় লৌহ, ক্যালসিয়াম ওভিটামিনের অভাব পূরণ করা শরীরের পক্ষে কঠিন হয়ে যায়। ফলে দ্বিতীয় সন্তান নানারকম সমস্যা নিয়ে জন্ম নেয়। দ্বিতীয়বার শারীরিক ও মানসিকভাবে গর্ভধারণ করতে প্রস্তুত কি না নিজে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন। সন্তান নেওয়ার আগে শারীরিক, মানসিক, আর্থিক এবং পরিবারের সবার সহযোগিতার কতটা পাবেন সে বিষয়েও খেয়াল রাখুন।