শ্রীমঙ্গলে পাগলা কুকুর কামড়েছে ২১ জনকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাগলা কুকুরের কামড়ে এক দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১ জন। গত শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় কুকুরটি মানুষজনকে আক্রমণ করে বলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, কুকুরের কামড়ে এক দিনে রাত ৯টা পর্যন্ত ২১ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে গুরুতর তিনজনকে পাঠানো হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালে। সেখান থেকে শোচনীয় অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত রায়হান মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে বাসার গেটের সামনে ছিলাম। হঠাৎ কুকুুরটি এসে হাতে কামড় বসিয়ে দেয়।’

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। শহরে কুকুুরটি থেকে সাবধানে থাকার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।