মন্দিরের রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাশার খলিফা (২২) নামে এক যুবককে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল আটটায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। কারা কি কারণে এই যুবককে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

নিহত বাশার খলিফা শহরের নাগেরবাজার রেলবস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙাড়ি বিক্রেতা ছিলেন।

নিহতের ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত নয়টার দিকে ছোট ভাই বাশার বাড়ির বাইরে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ ভোর পাঁচটার দিকে স্থানীয়রা মন্দিরের রাস্তায় ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। সে সারাদিন বাড়ির বাইরে থাকত। ভাঙাড়ির মালামাল বেচাকেনা করত।

তিনি আরও বলেন, আমার জানা মতে ভাইয়ের তেমন কোন শত্রু নেই। কারা কি কারণে আমার ভাইকে হত্যা করল তা খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানাচ্ছি। আমি ভাই হত্যার বিচার চাই।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, রোববার ভোরে বাগেরহাট শহরের নাগেরবাজার সার্বজনীন মন্দির সড়কের মিঠুন পালের বাড়ির সামনে বাশার খলিফা নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারা কেন এই যুবককে হত্যা করেছে তা উদ্‌ঘাটন করতে পুলিশ তদন্ত করছে।