নেত্রকোণার মোহনগঞ্জে পারিবারিক কলহের জেরে শান্ত মিয়া (৫০) নামে এক ব্যক্তির কান কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছেন তার স্ত্রী। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলেও কানের বিচ্ছিন্ন অংশ আর জোড়া লাগাতে পারেননি চিকিৎসকেরা।
পরে তাকে ফিরিয়ে এনে আবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শান্ত মিয়া এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জেলার মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শান্ত মিয়া মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরের বাসিন্দা। তার স্ত্রীর নাম রাহেলা বেগম (৪২)।
ভুক্তভোগী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শান্ত মিয়া ও তাঁর স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া লেগে থাকে। গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে স্ত্রী রাহেলা ক্ষিপ্ত হয়ে শান্ত মিয়ার কানে জোরে কামড় দেন। এতে শান্ত মিয়ার বাঁ কান প্রায় পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কানের বিচ্ছিন্ন অংশটুকুও নিয়ে যাওয়া হয়। তবে ওই হাসপাতালের চিকিৎসকেরা চেষ্টা করে কানের অংশ স্থাপন করতে পারেননি। সর্বশেষ সেখান থেকে চিকিৎসা শেষে গতকাল শুক্রবার শান্ত মিয়াকে আবার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে গতকাল শনিবার বিকালে ভুক্তভোগী শান্ত মিয়া জানান, ‘আমার কান পুরোটা কামড়ে ছিঁড়ে ফেলেছে। ময়মনসিংহ গিয়েও আর লাগানো যায়নি। স্ত্রীর সঙ্গে প্রায় ৩০ বছরের সংসার জীবন সব সময় ঝগড়া করে। কিছুদিন আগে বড় ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি তাই তার ভালমন্দ জানার অধিকার আমার আছে। এসব জিজ্ঞাসা করতে গেলে আমার স্ত্রী আর ছেলে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। এখনো থানা পুলিশে অভিযোগ করিনি। একটু সুস্থ হই পরে যা যা করা দরকার সব করব।‘
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ সরকার বলেন, ‘শান্ত মিয়ার কানের সিংহভাগই কামড়ে আলাদা করে ফেলা হয়েছে। শুধু নিচের কিছু অংশ রয়েছে। এটা একটা অঙ্গহানির ঘটনা। মমেক হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু সেখানেও কানের কাটা অংশটুকু স্থাপন করা যায়নি। এখন আর কিছু করার নেই। তার সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে।
শান্ত মিয়ার ছেলে মো. সাদেক মিয়া বলেন, ‘আমার বাবা-মা প্রায় সময়ই ঝগড়া করে। তাদের ঝগড়া দেখতে আর ভালো লাগে না। সেই জন্য আমি নানার বাড়ি থাকি। বিষয়টা যেহেতু স্বামী-স্ত্রীর তাই পারিবারিকভাবেই সমাধান হয়ে যাবে।‘
এ বিষয়ে জানতে শান্ত মিয়ার স্ত্রী রাহেলা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘