নেত্রকোনা

আর্জেন্টিনা ফাইনালে ওঠায় মহিষ জবাই

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় নেত্রকোনার দুর্গাপুরে দলটির সমর্থকরা মহিষ জবাই করে আনন্দ উদযাপনের আয়োজন করেছেন।

রবিবার (১৯ জুলাই) সকালে দুর্গাপুর পৌর শহরের মার্কাস মোড়ে মার্কাস মোড় একতা সমিতির সদস্যরা এ উদ্যোগ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এবারের ফিফা বিশ্বকাপের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নান্দনিক খেলা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। সেই আনন্দ উদযাপন করতে এবং ফাইনালে ওঠার খুশিতে সমিতির সদস্যরা প্রীতিভোজের আয়োজন করেন।

সমিতির সদস্যরা খেলার শুরু থেকেই ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠতে পারলে তারা একটি মহিষ জবাই করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার সকালে এক থেকে দেড় লাখ টাকা দামে কেনা একটি মহিষ জবাই করা হয়। সন্ধ্যায় এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের নিয়ে আনন্দভোজের মাধ্যমে এই উদযাপন করা হবে বলে জানান আয়োজকরা।

মার্কাস মোড় একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, ‘আমরা শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক। আমরা চেয়েছিলাম, আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে পারে তাহলে একটি মহিষ জবাই করব। সেই আশা থেকেই মহিষ খুঁজতে থাকি এবং শেষ পর্যন্ত এটি কিনেছি। আজ এটি জবাই করা হয়েছে। রাতে সবার জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছি। সবাই দোয়া করবেন, যেন আজ আর্জেন্টিনা জয়লাভ করতে পারে।’

সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, ‘ফিফা বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে আনন্দ উদযাপনের এই আয়োজন করেছি। খেলার মাঝেই ঘোষণা দিয়েছিলাম, আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করা হবে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। তাই সমিতির সভাপতি নিজে আর্জেন্টিনার সমর্থক হওয়ায় তাঁর উদ্যোগেই মহিষটি জবাই করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করব। আশা করি, আজকের ফাইনাল ম্যাচটি সুন্দর ও উপভোগ্য হবে। কারণ খেলাই সৌন্দর্যের প্রতীক। ‘‘মাদক থেকে দূরে থাকি, ফুটবল খেলা নিয়ে মাঠে ফিরি’’— এই স্লোগানকে সামনে রেখে এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যেও আমরা এমন উদ্যোগ নিয়েছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত