কানাডার সঙ্গে আজ ‘জিততেই হবে’ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নাসাউ গোলকধাঁধা

সুতোয় ঝুলছে পাকিস্তানের ভাগ্য। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে টিকে থাকা না থাকার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দলটি। অবশ্যই জিততে হবে সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। ভারতের কাছে বিষাদমাখা হারের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামেই হবে ম্যাচটি।

নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর আজ তাদের কানাডার বিপক্ষে জিততেই হবে। জয় ছাড়া অন্য কোনো ফল গতবারের রানার-আপদের ছিটকে দেবে আসর থেকে। দেশটির কিংবদন্তি ওয়াসিম আকরাম এরই মধ্যে বলে দিয়েছেন, ‘ওই ম্যাচের পর পাকিস্তান সুপার এইটে যাওয়ার অধিকার রাখে না।’

পাকিস্তানের সহকারী কোচ কানাডার সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাজে নৈপুণ্যের কারণ আমাদের ব্যাটসম্যানদের খারাপ শট বাছাই করা এবং পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারা। এখন আমাদের পরের দুই ম্যাচই জিততে হবে।’

মজার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত নাসাউয়ের গোলকধাঁধা উইকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক দল কানাডা। আয়ারল্যান্ডকে হারানোর ম্যাচে তারা ১৩৭ রান করেছিলেন এই মাঠে। বিশ্বকাপ ইতিহাসে পাওয়া প্রথম ওই জয়ের পর অনেক বেশি আত্মবিশ্বাসী কানাডা।

দেশটির টপ অর্ডার ব্যাটসম্যান অ্যারন জনসন মনে করেন নাসাউয়ের অনিশ্চিত উইকেটের সুবিধা পাবেন তারা, ‘এমন অনিশ্চিত উইকেট খেলাটাকে আমাদের জন্য সমান করে দিতে পারে। আমরা এর সুবিধাটুকু লুফে নেওয়ার চেষ্টায় থাকবো।’

লং আইল্যান্ডের আজকের আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন ও আর্দ্র। বৃষ্টির সম্ভাবনা না থাকায় পুরো কুড়ি ওভারের খেলাই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। এর আগে ২০০৮ সালে একবারই কানাডার বিপক্ষে খেলেছিল পাকিস্তান। ওেই ম্যাচ তারা জিতেছিলেন ৩৫ রানের ব্যবধানে।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপে দেখা যেতে পারে সাঈম আইয়ুবকে। কোনো স্পিন অলরাউন্ডারের জায়গায় দেখা যেতে পারে আব্বাস আফ্রিদিকে।