টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শুটিং শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। প্রথম দিনেই শুটিং সেটে দুর্ঘটনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সেটে একটি কাচ ভাঙার দৃশ্যের শুটিং চলার সময় আহত হন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ই।
ভারতীয় সংবাদমাধ্যমকে, টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, ভাঙা কাচে সারা শরীর ও গাল, মুখ কেটে একাকার। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাকে। অভিনেতার ডান হাঁটুর নিচে দুটি সেলাই পড়েছে। চিকিৎসকের কথায়, বাড়িতে বিশ্রামেই রয়েছেন তিনি। জানা গেছে, ফাল্গুনীপুত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায়ই তাকে হাসপাতালে নিয়ে যান।
অভিনেতা সংবাদমাধ্যমকে আরও জানান, চিকিৎসক আমাকে শুধু স্নান করতে বারণ করেছেন। তবে এই গরমে এটা কীভাবে সম্ভব, তা বুঝতে পারছি না। অভিনেতার কথায়, পরিবারের লোকজন চাইছেন কয়েকদিন বিশ্রামেই থাকুন তিনি। কিন্তু অভিনেতা ফাল্গুণীর স্পষ্ট উত্তর, কাল থেকে যথাসময়ে শুটিংয়ে পৌঁছে যাব।
সৃজিতের এই সিনেমায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সূত্রের খবর, মন্দারমণিতে শুটিংয়ে পর রাতে পার্ক স্ট্রিট ও হাওড়া ব্রিজে শুটিং হওয়ার কথা এই ছবির।
সৃজিত তার ‘বাইশে শ্রাবণ’ ছবির গানের জনপ্রিয় লাইনের নামেই ছবির নামকরণ করেছেন। ছবি তৈরির খবর প্রকাশ্যে আসার পর গুঞ্জনে এসেছিল অনির্বাণ ভট্টাচার্যের জায়গায় পরমব্রত আসছেন, সেই জল্পনাই সত্যি হল।