আরও দুই কারখানা পেল লিড সনদ

দেশের তৈরি পোশাক শিল্পের আরও দুটি কারখানা পরিবেশবান্ধব লিড সনদ পেয়েছে। গাজীপুরের কাশিমপুরের কটন ক্লাব লিমিটেড ও ঢাকার ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল পরিবেশবান্ধব কারখানার লিড সনদ পেয়েছে। দুটি কারখানাই গোল্ড সনদ পেয়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এই খবর পাওয়া গেছে।

এই দুটি কারখানা নিয়ে দেশের মোট ২২০টি কারখানা পরিবেশবান্ধব সনদ পেল। এর মধ্যে প্লাটিনাম সনদ পেয়েছে ৮৪টি কারখানা, গোল্ড সনদ পেয়েছে ১২২টি কারখানা, সিলভার সনদ পেয়েছে ১০টি কারখানা, সার্টিফায়েড পুরস্কার পেয়েছে ৪টি কারখানা।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে এই কারখানা দুটি। এই সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম ‘লিড’। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো, লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই এখন বাংলাদেশে।