চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অটোরিকশাচালক আল-আমিন খান (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও ৩০ জন আহত হয়। গত মঙ্গলবার রাতে পুরানবাজারের রয়েজ রোড এলাকায় দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানবাজার মেরকাটিজ রোডের বাসিন্দা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শান্ত হাওলাদার ও নিতাইগঞ্জ রোডের বাসিন্দা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির নেতৃত্বে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষ চলাকালে অটোরিকশাচালক আল-আমিন খান গুলিতে গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই পক্ষের মধ্যে আগে থেকে ঝামেলা ছিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’