ঈশ্বরগঞ্জে ৮১০ বস্তা চোরাই চিনি জব্দ, আটক ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক তিন ঘটনায় ভারত থেকে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাক ভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ইমন চৌহানকে (২৪)। তার বাড়ি নেত্রকোণা সদর উপজেলায়। তিনি ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে।

এর আগে গত বুধবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে চোরাই পথে আসা চিনি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয় । ওই ট্রাকে ছিল ১৫০ বস্তা চিনি। পাশাপাশি মিঠুনুর রহমান পাপ্পু নামে একজনকে আটক করা হয়। আটক পাপ্পুর বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

অন্যদিকে, ওই দিন বুধবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে চিনি ভর্তি আরেকটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়। আটকরা হলেন রাজশাহীর বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫), চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির রমরমা ব্যবসা চালাচ্ছিলেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী।