তুলসীগঙ্গায় ভাসছিল এনজিওকর্মীর লাশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে এক এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকার নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রাজু আহমেদ (৩৫) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী গ্রামের সাগর আলীর ছেলে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) জয়পুরহাটের জামালগঞ্জ ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এনজিওকর্মী রাজু আহমেদের সঙ্গে গত বুধবার দুপুর থেকে তার পরিবার যোগাযোগ করতে পারছিল না। বারবার ফোন দিলেও রিসিভ হচ্ছিল না। বিকেলে উপজেলার তুলসীগঙ্গা নদীর বিলের ঘাট এলাকা থেকে কয়েকজন যুবক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে জানায়, বিলের ঘাট থেকে ২ কিলোমিটার দক্ষিণে নদীর বাঁধের ওপর মালিকবিহীন একটি মোটরসাইকেল, জুতা ও ব্যাগ পড়ে আছে। এমন খবরে ক্ষেতলাল থানা-পুলিশ ওই এলাকা থেকে সেসব উদ্ধার করে। রাতে রাজুর পরিবার ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে ক্ষেতলাল থানা-পুলিশ ও তার পরিবার ওই এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজুর বাবা সাগর আলী মোটরসাইকেল উদ্ধার হওয়া এলাকায় গিয়ে বাঁধের অদূরে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন এটি তার ছেলে রাজুর মরদেহ।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন  বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।