গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, ৫ পুলিশ বরখাস্ত

কোরবানির গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু। এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জুন) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

সাময়িক বরখাস্ত করা পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, যুগল মন্ডল এবং তানভীর হোসেন আকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।