অণুগল্প

বাবার জুতো

অবশেষে নিজের জন্য নতুন জুতো কিনে বাড়ি ফিরলেন হারুন মিয়া। তার চোখে-মুখে ফুলের হাসি। মুচির মুখে আর শুনতে হবে না ‘হারুন ভাই, এক জুতো আর কতবার সেলাই করে দেব। এটা ফেলে এবার নতুন জুতো কেনেন।’

জুতোজোড়া এখনই পায়ে না দিয়ে তুলে রেখেছেন হারুন মিয়া। ক’দিন পরেই ঈদ। নতুন জুতো পরে ঈদগাহে যাওয়ার স্বপ্ন বুনছেন মনের কোণে।

‘ওগো শুনছো,’ বিবি মালেকা বানুর ডাকে সম্বিত ফিরে পেলেন তিনি। ‘তোমার ছেলে তামিম বলেছে, তার নাকি এই ঈদে নতুন জুতো লাগবে, নইলে সে ঈদগাহে যাবে না।’

হারুন মিয়া আবারও বাজারের পথ ধরলেন। নিজের নতুন জুতো ফেরত দিতে হবে।

শিক্ষার্থী, হাদিস বিভাগ

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকা