নেত্রকোণার কলমাকান্দায় দুর্বৃত্তদের চুরিকাঘাতে আব্দুল বাতেন (৬০) নামের মসজিদের এক ইমাম খুন হয়েছেন। আজ সোমবার (১৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল রবিবার শেষ রাতে রংছাতি ইউনিয়নের বিসাউতি জামে মসজিদের ভেতরে দুর্বৃত্তরা তাকে চুরিকাঘাত করেন। আব্দুল বাতেন মাদ্রাসা চাকরির পাশাপাশি বিসাউতি জামে মসজিদের ইমামতি করতেন।
নিহত আব্দুল বাতেন রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সন্ন্যাসী পাড়া গ্রামের মৃত বাশির পন্ডিতের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার শেষ রাতে মসজিদের ভেতর তাকে চুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মুসল্লিরা মসজিদে ফজরের সময় গিয়ে আব্দুল বাতেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় মুসল্লিরা উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন।
নিহত মাওলানা আব্দুল বাতেনের ছেলে বদিউজ্জামান জানান, আমার বাবা তো কোন অপরাধী ছিলেন না। কেন হত্যা করলো আমার বাবাকে? আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, দুর্বৃত্তদের চুরিকাঘাতে আব্দুল বাতেন নামে এক ইমাম সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে