গোল দিল অস্ট্রিয়া জিতলো ফ্রান্স

বিশ্বকাপে ১২ গোল করা কিলিয়ান এমবাপ্পে এ নিয়ে দ্বিতীয়বার ইউরো খেলছেন। কিন্তু সর্বশেষ ইউরোতে চারটি এবং এই ইউরোতে বাংলাদেশ সময় সোমবার রাতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারলেন না এমবাপ্পে।

ম্যাচে গোল না পেলেও ডুসেলডর্ফে ফ্রান্সের ১-০ গোলের জয়ে বড় অবদান এমবাপ্পেরই। তাঁর ক্রস ঠেকাতে গিয়েই আত্মঘাতী গোল করেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক ম্যাক্সিমিলান ওবার।

ফ্রান্স পেয়েছে স্বস্তির জয়। দেশটির কোচ হিসেবে দিদিয়ের দেশমের এটি ১০০তম জয়। দেশমের অধীনে ১৫৬ ম্যাচ খেলেছে ফ্রান্স।

ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেন এমবাপ্পে। ৩৮ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এমবাপ্পে বক্সে ঢোকেন। দুজনের বাধা এড়িয়ে গোলমুখে ক্রস করেন কিন্তু মাঝপথে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ান ওবার।

৫৪ মিনিটে অস্ট্রিয়ার গোলকিপারকে একা পেয়েও বল বাইরে মেরেছেন ফ্রান্সের অধিনায়ক।

ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপ্পে। তাঁর নাক থেকে রক্ত ঝরতেও দেখা গেছে।

এমবাপ্পেকে বদলি করেন দেশম। নামান অলিভিয়ের জিরুকে। ৩৭ বছর ২৬১ দিন বয়সী জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে।