রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নাঈমের বাড়ি ফটিকছড়ির নাজিরহাট এলাকায়। নিহত ব্যক্তি শান্তি পরিবহনের হেলপার মো. নাঈম (৩৫)।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইহাটে গোলাগুলিতে শান্তি পরিবহনের এক হেলপার আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার দায় ইউপিডিএফের(গণতান্ত্রিক) ওপর চাপিয়েছেন।
সংগঠনটির রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহনের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যকারীদের গ্রেপ্তার ও শাস্তিরও দাবি জানিয়েছেন।’
তবে এই বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কারো বক্তব্য পাওয়া যায়নি।