গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬), সবজি খান (৩০)। এই ঘটনায় প্রতিপক্ষেরও ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন জানান, তার পিতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনার জের ধরে রবিবার প্রতিপক্ষের গামা, রুবেল, মোফাজ্জে, শাহি, ইব্রাহিম, ফয়সাল, কামরুলসহ ২০-৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারো কারো মাথা কেটেছে, কারো কারো দাঁত ভেঙ্গেছে। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।
মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আহত