পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হলেন মা-ছেলে

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের দলুয়া পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী শিশু আবু যার গিফারী। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন মাহবুব ও তার ছোট বোন সাদিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহবুব তার স্ত্রী, সন্তান ও ছোট বোনকে নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ভ্যানে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দলুয়া পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মিনিবাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুন নাহার ও তার কোলের সন্তানের মৃত্যু হয়।

মাহবুবের চাচাতো ভাই শাহরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তার ভাবির দুটো পা ও ভাতিজার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাহবুব ও তার ছোট বোনেকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।