রাজবাড়ীতে হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ, দেলোয়ার শেখের ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনা।
দেলোয়ার শেখের ভাই জাকির শেখ বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা আকবর খানের সঙ্গে আমার ভাই দেলোয়ার শেখের ফোনে কথা কাটাকাটি হয়। তার ঘণ্টাখানেক পর আকবর খান ২৫ থেকে ৩০ জনের মতো সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরা চেয়ারম্যানসহ আমাদের পরিবারের চারজনকে এলোপাতাড়ি কোপায়।
আকবর খান বলেন, সামান্য বিষয় নিয়ে চেয়ারম্যান আমাকে গালিগালাজ করেন। গালিগালাজ করার বিষয়ে তার কাছে জানতে গিয়েছিলাম। পরে তার লোকজন আমার ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমিসহ আমার ভাই, দুই ভাতিজা ও আরও কয়েকজন আহত হই।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।