পবিত্র ঈদুল আজহার দিন গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের নেতাকর্মীরা। সকালে কবর জিয়ারত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘ঈদ আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি উপভোগ করার অবস্থা বাংলাদেশের মানুষের নেই। বিনা ভোটের সরকারের জন্য তারা কষ্টে আছেন। নির্বাচিত সরকার থাকলে জনগণের এই কষ্ট হতো না।’ তিনি বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে আজকে খাদ্যসংকট। কার ভয়ে? মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে। অথচ ১৯৭৮-৭৯ সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির (জিয়াউর রহমান) কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে।’
জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আহমেদ আজম খান, জয়নুল আবেদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ।