পলাতক যুদ্ধাপরাধী রুহুল কুদ্দস খাঁন গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি মো. রুহুল কুদ্দস খাঁন ওরফে কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দসকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মামলা হওয়ার প্রায় আট বছর পর গতকাল বুধবার যশোর জেলা সদর থেকে এ যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলা সদরের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মামলা হয়। ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলা হওয়ার পর থেকেই আসামি রুহুল কুদ্দস আত্মগোপনে ছিলেন। দীর্ঘ আট বছর পর অ্যান্টি টেররিজম ইউনিট পলাতক এ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।