দক্ষিণ কোরিয়াসহ পশ্চিমা দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তা হবে বড় ভুল। শুক্রবার (২১ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। পাশাপাশি যেকোনো দেশের বিরুদ্ধে "আগ্রাসন" ঘটলে একে অপরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুত রাশিয়া এবং উত্তর কোরিয়া। দেশ দুইটির এমন প্রতিশ্রুতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে।
আর এমন সম্ভাবনা জানানোর পরই গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের পুতিন বলেছেন, সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে অসন্তুষ্ট করবে। উত্তর কোরিয়া সফরের পর ভিয়েতনাম সফরে গেছেন পুতিন। সেখানেই তিনি এসব মন্তব্য করেছেন।
এছাড়া পশ্চিমাদেরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে মস্কোও উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে।
তিনি বলেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ করে তারা যদি ভাবে যে তারা আমাদের সাথে যুদ্ধ করছে না, তবে আমরাও পিয়ংইয়ংসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার রাখি। সেই হিসেবে আমরাও বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্ত্র সরবরাহ করব।