লাউয়াছড়ায় গাড়িচাপায় চিতা বিড়ালের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়িচাপায় একটি চিতা বিড়ালের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উদ্যানের নুরজাহান এলাকায় এ ঘটনা ঘটে। পরে কয়েকজন তরুণ মৃত চিতা বিড়ালটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতের অন্ধকারে সড়ক পারাপারের সময় কোনো এক গাড়িচাপায় চিতা বিড়ালটির মৃত্যু হয়। শুক্রবার পোস্টমর্টেম শেষে সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিতা বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি স্তন্যপায়ী প্রাণী। এদের পা দীর্ঘ। এ বিড়ালের ওজন তিন থেকে চার কেজি হয়ে থাকে। চিতা বিড়াল বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত প্রাণী।’