সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোসনারঘাট গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হোসনারঘাট গ্রামে এ হত্যাকান্ড ঘটে। এমরান মিয়া (২২) ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। এ ঘটনায় লিটন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসনারঘাট এলাকায় বসতঘরের ভেতরে থাকা ছোট কামরায় মুদি ব্যবসা করে আসছিলেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেক দিন ধরে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ বিভিন্ন পণ্য কিনে বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন।
বকেয়া টাকা পরিশোধ না করে ফের গতকাল সকালে ওই দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে লিটন দোকানের ভেতরেই এমরানকে ছুরিকাঘাতে হত্যা করেন।